আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের মিলেনিয়াম উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের সমর্থনে পাহাড়ি সম্প্রদায়ের আয়োজন করা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

পাহাড়ি-বাঙালির বিভাজন ভুলে সবাই তাকে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করবেন-এ প্রত্যাশা ওয়াদুদ ভুইয়ার। তিনি দাবি করেন, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খাগড়াছড়ি অঞ্চলে সর্বোচ্চ উন্নয়নকাজ করেছেন। আগামীতেও সুযোগ পেলে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করবেন।

আওয়ামী লীগের সময় দুঃশাসন চরম পর্যায়ে পৌঁছেছিল বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দেশের মানুষ সেই সময় দুর্বিষহ জীবন পার করছিল। তিনি বলেন, যারা অপরাধী তাদের বিচার হচ্ছে এবং হবে। শেখ হাসিনার ফাঁসির রায়ও ঘোষণা হয়েছে। একইসঙ্গে স্থানীয়ভাবে যারা স্বার্থ-সংশ্লিষ্টতা বা ব্যবসায়িক কারণে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কোনো অন্যায় করেননি, তাদের সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ ও সমৃদ্ধ খাগড়াছড়ি গড়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমে পড়া কিছু ছোট ধর্মীয় রাজনৈতিক দল সম্পর্কে সতর্কতা উচ্চারণ করে ওয়াদুদ ভুইয়া বলেন, এসব দলকে বিশ্বাস করা যাবে না। তার ভাষায়, এরা ধর্মের ব্যবসা করে, মিথ্যুক, প্রতারক ওদের থেকে সাবধান থাকতে হবে।

সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহসভাপতি ক্ষেত্র মোহন রওয়াজা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।