পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদী অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এমন কথা জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবিকা উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত মাইকেল মিলার পার্বত্য চট্টগ্রামে জীবিকা উন্নয়ন, পানি সংকট নিরসন, পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ, ইকোট্যুরিজম ও নবায়নযোগ্য জ্বালানি খাতে ইইউ-এর বিশেষ সহায়তা ও বিনিয়োগের আশ্বাস দেন।
উন্নয়ন কার্যক্রমে ইইউ-এর অবদানের প্রশংসা করে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, "পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষা, দুর্গম এলাকার পানি সংকট নিরসন, টেকসই জীবিকা উন্নয়ন, পরিবেশবান্ধব ইট উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব খাতে ইইউ-এর সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"
জবাবে রাষ্ট্রদূত মাইকেল মিলার পার্বত্য অঞ্চলে সোলার এনার্জি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, পাহাড়ি ফলমূল ও সবজির বাজার সম্প্রসারণে সহায়তার বিষয়ে আলোচনার আহ্বান জানান।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইইউ-এর আগ্রহ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ আরও জোরদার করার আশা ব্যক্ত করেন।
-পার্বত্য সময়


