রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে চৌমুহনী রাস্তার কাজ থেকে চাঁদা চেয়ে চাঁদার টাকা না পেয়ে, নির্মাণ শ্রমিকদের মোবাইল ফোনসহ সাথে থাকা গুরুত্বপূর্ণ নির্মাণ সরঞ্জামাদি নিয়ে গেছে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা। স্থানীয়দের দাবি, ছিনতাইকারীরা সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সন্ত্রাসী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় গুলশাখালী ইউনিয়নের ৬নং চৌমুহনী থেকে যুবলক্ষীপাড়ার-মুর্শিদাবাদ রাস্তার কাজ করার সময় অস্ত্র নিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে এ সন্ত্রাসী কার্যক্রম করেছে জেএসএস।
এ বিষয়ে স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীরা প্রায় সময় অস্ত্র নিয়ে এভাবে বাঙালিদের উপর অত্যাচার করে আসছে। নানা সময়ে মহড়া দিয়ে প্রশাসন আসার আগেই স্থান ত্যাগ করে। এ নিয়ে আতঙ্কে আছে এলাকাবাসী।
গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটানাটি আমি শুনেছি। আমি চট্টগ্রাম থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
সাউথ-ইস্ট এশিয়া জার্নালে ঠিকাদারকে উদ্ধৃতি করে বলা হয়, জেএসএস আমাদের নিকট মোটা অংকের চাঁদা দাবি করেছিল, আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আজ সন্ত্রাসীদের একটি দল অস্ত্রসহ এসে আমাদের ৬ জনের মোবাইল এবং সকলের নিকট থাকা টাকা-পয়সা ছিনতাই করেছে।
এ ঘটনার পর লংগদু উপজেলার পূর্ব পাড়ে বিজিবি ক্যাম্পের পাশাপাশি সেনাবাহিনীর সাব ক্যাম্প বৃদ্ধির জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। পূর্ব পাড়ের গুলশাখালী থেকে ভাসান্যদম ইউনিয়ন পর্যন্ত যেসকল পরিত্যক্ত ক্যাম্প রয়েছে প্রত্যেকটি ক্যাম্প পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।

-পার্বত্য সময়