খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিও ভিন্ন ঘটনার—এমনটাই শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করা এ সংস্থা জানায়, খাগড়াছড়ির সহিংস পরিস্থিতিকে কেন্দ্র করে ফেসবুকে দুটি ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে একটি ভিডিওতে দাবি করা হয় এটি খাগড়াছড়ি মহাজনপাড়ার রাতের দৃশ্য। অপর এক ভিডিওর ক্যাপশনে বলা হয়, পাহাড়ি জনগোষ্ঠী খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে।
তবে অনুসন্ধানে ফ্যাক্টওয়াচ নিশ্চিত করে, প্রথম ভিডিওটি আসলে গত মাসে ইন্দোনেশিয়ার এক আন্দোলনের সময় ধারণ করা। আর দ্বিতীয় ভিডিওটি দিনাজপুরের একটি বিনোদন পার্কে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার।
সম্প্রতি খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরিস্থিতিকে ঘোলাটে করতে পুরোনো ভিডিও নতুন ক্যাপশন দিয়ে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলে জানায় ফ্যাক্টওয়াচ।
সংস্থাটি বলছে, ভুয়া ভিডিও ও অপতথ্যের প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে। এগুলো শনাক্ত করে সত্য প্রকাশ এবং গুজব প্রতিরোধে তারা নিয়মিত কাজ করছে ।


