বান্দরবানের রুমা এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাফেরা করছে- এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সামরিক পোশাক পরিহিত সশস্ত্র কয়েকজনকে পাহাড়ি এলাকায় চলাফেরা করতে দেখা যায়।
তবে স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই ভিডিও বান্দরবানের নয়; এটি আসলে ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ)-এর।

অনুসন্ধানে দেখা যায়, ২৯ জুলাই ‘Shooter Channel’ নামে একটি ইউটিউব চ্যানেলে হুবহু একই ভিডিও প্রকাশিত হয়েছে, যার শিরোনামেই ‘Philippines’ শব্দটি রয়েছে। চ্যানেলটিতে একই ধরনের সামরিক পোশাক পরিহিত সশস্ত্র ব্যক্তিদের পাহাড়ি এলাকায় উপস্থিতির আরও বেশ কিছু ভিডিও রয়েছে।
এছাড়া, ৩১ জুলাই ‘Basilan Biaf’ নামে ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি পোস্ট করা হয়, যেখানে ক্যাপশনে ফিলিপিনো ভাষায় একটি বার্তা দেওয়া হয়। ফেসবুকের ট্রান্সপারেন্সি তথ্য অনুযায়ী, অ্যাকাউন্টটি ফিলিপাইন থেকে পরিচালিত হচ্ছে।
ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, অস্ত্রধারী ব্যক্তিদের পোশাকে দুটি আলাদা ব্যাজ রয়েছে- একটি আয়তাকার, অপরটি গোলাকার। এই ব্যাজগুলো এমআইএলএফের অফিসিয়াল ব্যাজের সঙ্গে মিল রয়েছে।
ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী এমআইএলএফের একটি ভিডিওকে বান্দরবানের রুমায় কেএনএফ সদস্যদের উপস্থিতির দাবি করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া তথ্য।
-পার্বত্য সময়


