খাগড়াছড়ির ভাইবোনছড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগের পেছনে ‘পরিকল্পিত মিথ্যাচার’ রয়েছে বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। শনিবার (১৯ জুলাই) খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে এই দাবি করেন।
বক্তারা বলেন, ‘ভাইবোনছড়ার ঘটনায় একটি নির্দিষ্ট গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত। ত্রিপুরা জাতিসত্ত্বার ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে মুসলিম এক কিশোরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক ছিন্ন হওয়ার পর মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। অথচ সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে পরিকল্পিতভাবে “গণধর্ষণ” হিসেবে প্রচার করা হচ্ছে।’
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আ. কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. জহির আহম্মদসহ সংগঠনের আরও অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ সময় মানিকছড়ির মাদ্রাসাছাত্র মো. সোহেল অপহরণ ও হত্যাকাণ্ডেরও নিন্দা জানানো হয়। বক্তারা এ ঘটনার দ্রুত বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
-পার্বত্য সময়


