রাঙামাটির দুর্গম বরকল উপজেলার এরাবুনিয়ায় এক বিরল ঘটনায় একটি বিশাল অজগর সাপ গিলে ফেলেছে এক কৃষকের আস্ত ছাগল। বুধবার (২২ অক্টোবর) সকালে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এরাবুনিয়া ৫নং ওয়ার্ডের কৃষক মো. রুমি সকালে নিজের একটি ছাগল খুঁজে না পেয়ে আশপাশে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর তিনি জঙ্গলের ভেতর দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ। তিনি বলেন, সাপটির পেট অস্বাভাবিকভাবে ফুলে ছিল।
প্রথমে ভয় পেলেও পরে স্থানীয়দের সহযোগিতায় রুমি সাহসিকতার সঙ্গে অজগরটিকে ঘেরাও করে নিরাপদে বন্দী করেন। তখনই ধারণা করা হয়, সাপটি তার হারিয়ে যাওয়া ছাগলটিকেই গিলে ফেলেছে।
খবর পেয়ে ১২ বিজিবির এরাবুনিয়া ক্যাম্পের কমান্ডার মো. নাজিম উদ্দিন ও বন বিভাগের কর্মকর্তা মো. আকবর আলী ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিজেদের হেফাজতে নেন।
বন কর্মকর্তা মো. আকবর আলী বলেন, অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেটিকে পর্যবেক্ষণের পর পুনরায় পাহাড়ি বনে অবমুক্ত করা হবে।


