বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্রের মুখে রিদুয়ান করিম মিন্টু (৪০) নামে এক তামাক চাষীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারীর লতাবুনিয়া এলাকায় তামাক খামার থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

অপহৃত রিদুয়ান কক্সবাজারের রামু উপজেলার গর্জনীয়া এলাকার বাসিন্দা। তার স্বজনদের দাবি, অপহরণের পর অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা জানিয়েছেন, অপহরণের রহস্য উদঘাটন এবং ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।