রাঙামাটির লংগদু উপজেলার ৩৭ বিজিবি রাজনগর জোন সংলগ্ন এলাকায় একটি অসুস্থ হাতিকে চিকিৎসা সেবা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিজিবির সহযোগিতায় বন বিভাগ ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়–এর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে।
৩৭ বিজিবি রাজনগর জোনের অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিনের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহর নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকরা হাতিটির শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। এ সময় এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন কৌশলে হাতিটিকে জঙ্গল থেকে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
বন বিভাগ জানায়, এলাকাটিতে ১১ থেকে ১৩টি হাতির একটি পাল রয়েছে। সেখানে অসুস্থ একটি বড় হাতির পাশাপাশি একটি শাবকও দেখা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাতিটির পায়ে আঘাতজনিত কারণে সে অসুস্থ হয়ে পড়ে।
বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, কয়েকদিন আগে হাতিটি আহত হওয়ার খবর পেয়ে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। প্রয়োজনীয় ওষুধ ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খাওয়ানোর দায়িত্ব বন বিভাগ ও ইআরটি টিমকে দেওয়া হয়েছে, এতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ বর্ডার গার্ড।
চিকিৎসক দলের প্রধান ডা. মো. ফরহাদ হোসেন জানান, হাতিটির পায়ের আঘাত সরেজমিনে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। সঠিকভাবে চিকিৎসা চললে হাতিটি দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এ সময় বন বিভাগ, ইআরটি এবং ৩৭ বিজিবি রাজনগর জোনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বন বিভাগের কর্মকর্তারা বিজিবি জোন কমান্ডারকে হাতিটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
বিজিবি রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও বিজিবি কাজ করে যাচ্ছে। তিনি পরিবেশ সুরক্ষায় সবার সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্ব দেন।


