জ্বালানি তেলের তীব্র সংকটে কাপ্তাই হ্রদে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়তে পারেন রাঙামাটি জেলার ছয়টি উপজেলার মানুষ।

লঞ্চ মালিক সমিতির তথ্যমতে, বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় প্রতিদিন ৩০–৩৫টি লঞ্চ চলাচল করে। এসব লঞ্চ পরিচালনায় দৈনিক প্রায় ১০০০–১২০০ লিটার জ্বালানি প্রয়োজন। তবে ঈদের পর থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় সেবা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রিজার্ভবাজার লঞ্চঘাটের লাইনম্যান বিশ্বজিৎ দে জানান, হাতে আর এক-দুই দিনের তেল রয়েছে। এরপর তেল না পেলে লঞ্চ চালানো সম্ভব হবে না। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়বে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এসব উপজেলায় জেলা সদরের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। লঞ্চ বন্ধ হলে মানুষকে বেশি ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ ছোট নৌযানে যাতায়াত করতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল পরিবহন সংস্থার রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈন উদ্দিন সেলিম বলেন, বর্তমানে সরবরাহ বন্ধ থাকায় আগামী এক-দুই দিনের মধ্যেই লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এদিকে জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, সংকট নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।