পাঁচদিন বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল রোববার (১৮ মে) ভোর থেকে পুনরায় শুরু হয়েছে। কর্ণফুলী নদীতে নাব্যতা সংকট দূর করতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ড্রেজিং কাজ চালানোর কারণে গত ১৩ মে থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
ফেরি বন্ধ থাকায় রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল ব্যাহত হয়। যাত্রী পারাপারে একমাত্র ভরসা ছিল ছোট ছোট নৌকা, যা ভোগান্তি বাড়িয়েছে সাধারণ যাত্রী ও চালকদের।
সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা গণমাধ্যমকে জানান, “ড্রেজিংয়ের কাজ শেষ হওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।”
তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, এই সমস্যার স্থায়ী সমাধান ড্রেজিং নয়। বর্ষায় ভারি বৃষ্টিপাতে নদীতে আবারও পলি জমে নাব্যতা কমে যাবে। ফলে ফেরি চলাচল ব্যাহত হবে। পানির স্তর ওঠানামার কারণে ফেরির পাটাতনও প্রায়ই ডুবে যায়।
চন্দ্রঘোনার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি,এখানে একটি সেতু নির্মাণ। তারা বলেন, “দেশের অন্যান্য এলাকায় বড় বড় সেতু হলেও এখানকার সমস্যা আজও রয়ে গেছে। বহু নেতা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি।”
প্রসঙ্গত, ১৯৮৪ সালে চালু হওয়া এই ফেরি সার্ভিস পার্বত্য এলাকার বাঁশ, কাঠ, শাকসবজি, ফলমূলসহ নানান পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বান্দরবান-চট্টগ্রাম বা রাঙামাটি সড়কপথে যাতায়াতে এ ফেরি এখন পর্যাপ্ত নয় বলে মনে করছেন নিয়মিত যাত্রীরা।

-পার্বত্য সময়