রাঙামাটিতে হ্রদবেষ্টিত প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের নিরাপদ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করতে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফাইবারগ্লাস বোট হস্তান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে পরিচালিত ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এই বোটগুলো সরবরাহ করা হয়।
বুধবার শহীদ মিনার ঘাটে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন ধারণক্ষমতাসম্পন্ন, ২০ অশ্বশক্তির ইঞ্জিনচালিত বোটগুলো আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশর চাকমা বোট ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং সমঝোতা স্মারকের শর্তাবলি নিয়ে ওরিয়েন্টেশন প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি বলেন, “এই উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে, উপস্থিতির হার বাড়াবে এবং ঝরে পড়ার হার কমাতে ভূমিকা রাখবে। এটি হ্রদ তীরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, ইউএনডিপি-ইআরআরডি-সিএইটি প্রকল্পের জেন্ডার ও কমিউনিটি কোহেশন চীফ মিজ ঝুমা দেওয়ান, পরিষদ সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, টিআইবি রাঙামাটি এলাকার কো-অর্ডিনেটর বেনজিন চাকমা প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পরিষদ সদস্য বৈশালী চাকমা।
জানা গেছে, বোট ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর থাকবে এবং নিরাপত্তা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নির্ধারিত ব্যবহারের বিষয়গুলো কঠোরভাবে মানার নির্দেশনা দেওয়া হয়েছে।
-পার্বত্য সময়


