চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে—আগামী রোববার (১৩ এপ্রিল) সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ মার্চের প্রজ্ঞাপন অনুসারে পার্বত্য অঞ্চলে ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই আলোকে উক্ত তিন জেলায় অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সব শাখা ও বুথ ওইদিন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১ (২) (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া, একই দিন এই তিন জেলায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখাও বন্ধ থাকবে বলে আরেক নির্দেশনায় জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
-পার্বত্য সময়


