খাগড়াছড়িতে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার দখলে থাকা আলুটিলা খাস্রাং রেস্টুরেন্টের একটি কক্ষ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, আধাপাকা টিনশেডের পরিত্যক্ত কক্ষে একটি তাক ছাড়া তেমন কোনো মালামাল ছিল না। দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টটিতে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধূমপানের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
২০১৯ সালের ডিসেম্বরে খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রের পাশে রেস্টুরেন্টটি চালু করা হয়। শুরু থেকেই সরকারি খাস জমি দখল করে এটি নির্মাণের অভিযোগ নিয়ে বিতর্ক ছিল।
২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফা লুটপাটের ঘটনায় রেস্টুরেন্টটি পরিত্যক্ত হয়ে পড়ে। পরে ২০২৫ সালের ২৩ জানুয়ারি প্রায় ৪ একর সরকারি খাস জমি দখলের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এরপর জমিটি সরকারি সম্পত্তি হিসেবে প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, ওই জমিতে কালচারাল সেন্টার নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগুনের ঘটনায় তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


