বান্দরবানের লামা উপজেলার পূর্ব বেতছড়া তংগঝিরি পাড়া গ্রামে রাতের আঁধারে আগুন লেগে ১৭টি বাড়ি পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আর ঘটনায় উঠে এসেছে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ এর নাম।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ত্রিপুরা খৃষ্টান পাড়ায় আগুন লাগার ঘটনা ঘটে।
জানা যায়, নিজেদের গ্রামে গির্জা না থাকায় বড়দিনের আগে উক্ত গ্রামবাসীরা পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রামবাসীর অভিযোগ, গ্রাম ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। পূর্ব বেতছড়া তংগঝিরি পাড়া গ্রামে ১৯টি ত্রিপুরা খ্রিস্টান পরিবারের ১৯টি বাড়ি রয়েছে। তার মধ্যে মাত্র দুটি অক্ষত রয়েছে।
এই গ্রামের কার্বারি পাইসাপ্রু ত্রিপুরা বলেন, এই পাড়াটি আমাদের অনেক পুরনো পাড়া। বিগত চার-পাঁচ বছর আগে একদল লোক নিজেদের ‘এসপির লোক’ পরিচয় দিয়ে জোরপূর্বক পাড়াটি উচ্ছেদ করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দখলদাররা পাড়া ছেড়ে চলে যান। এর পর ১৯টি ত্রিপুরা পরিবার সেখানে এসে ঘর তৈরি করে বসবাস শুরু করে।
তিনি বলেন, এখানে গির্জা না থাকায় বড়দিন উপলক্ষে নতুন পাড়ার বাসিন্দারা ঘরবাড়ি খালি রেখে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সবাই পার্শ্ববর্তী পাড়ায় যায়। আর এরই মধ্যে দুর্বৃত্তরা এসে অগ্নিসংযোগ করে বাড়িগুলো ভস্মীভূত করে।
স্থানীয়রা জানান, তিন-চার বছর আগে একদল লোক সেখানে এসে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রীর নামে উক্ত পাড়ার জায়গা ইজারা দেওয়া হয়েছে বলে জানান। সেই অজুহাতে ঐ লোকেরা জোরপূর্বক পাড়াবাসীদের উচ্ছেদ করেন এবং সেখানে একটি বাগান করেন। আশঙ্কা প্রকাশ করে গ্রামবাসীরা বলছে, তারাই আবার এই বাগান দখল করার জন্য আমাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিতে পারে।
তবে নাম প্রকাশ না করা স্বার্থে উপজাতি এক নেতা বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের পার্বত্য এলাকার দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার বদলে ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত। এক দল আরেক দলকে দোষারোপ করতেও এ ঘটনা ঘটানো হতে পারে। কারণ, ওই এলাকার মানুষই জানে ওইখানে গির্জা নেই। তাই তারা পাশের এলাকায় যাবে। সুযোগে এসে আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে।
- -পার্বত্য সময়


