রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর একটি আসামবস্তিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রথম ক্যাম্প। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ফিতা কেটে ক্যাম্পটির উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক মাহফুজ আফজালকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর মাধ্যমে পাহাড়ি জেলা রাঙামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর এবং ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহসহ এপিবিএনের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ প্রতিরোধে এপিবিএনের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসামবস্তি ক্যাম্পের মাধ্যমে রাঙামাটির জনগণ একটি নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামোর আওতায় এল।
পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়ক ভূমিকা রাখবে এই ক্যাম্প, এমনটাই আশা স্থানীয়দের।

-পার্বত্য সময়