মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত পোনা মাছের স্বাভাবিক বৃদ্ধি এবং হ্রদের সামগ্রিক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ মে থেকে কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ ধরাসহ পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক মো. ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা আধীর চন্দ্র দাস, রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুর শুক্কুরসহ স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত—এই তিন মাস হ্রদে মাছ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের সময় হ্রদের মৎস্যজীবীদের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছরই এই মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও পোনার বৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নিয়ম মেনে চললে হ্রদের মাছের উৎপাদন আগের চেয়ে আরও বাড়বে এবং দীর্ঘমেয়াদে এর সুফল পাবে জেলেরা ও সংশ্লিষ্ট শিল্প।
-পার্বত্য সময়


