পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফল ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে দেশের মূলস্রোতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আজ (২৬ জুন) রাজধানী ঢাকায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘পার্বত্য ফল উৎসব ও মেলা’। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের আয়োজনে এবং পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করা হয়েছে।
রাজধানীর ৩৩ বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মেলায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংস্থা ও উদ্যোক্তারা পাহাড়ি অঞ্চলে উৎপাদিত দেশীয় ও মৌসুমি ফল, প্রাকৃতিক খাদ্যপণ্য ও হস্তশিল্প সামগ্রী নিয়ে অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলাকে ঘিরে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে- বিজয় সরণি, সার্ক ফোয়ারা, রমনা পার্ক, টিএসসি, দোয়েল চত্বরসহ বেইলি রোড এলাকার উভয় পাশে প্রচারমূলক পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের সম্মুখভাগে স্থাপন করা হয়েছে একটি বেলুনও।
উদ্যোক্তারা আশা করছেন, এই উৎসবের মধ্য দিয়ে নগরবাসী যেমন পাহাড়ি ফল ও পণ্যের সঙ্গে পরিচিত হবেন, তেমনি পার্বত্য অঞ্চলের কৃষিজ ও সাংস্কৃতিক অর্থনীতির উন্নয়নেও সহায়ক হবে।
-পার্বত্য সময়


