হঠাৎ পাহাড়ি ঢল আর চেঙ্গী নদীর পানি বৃদ্ধি খাগড়াছড়ি পৌর শহরের অন্তত ছয় শতাধিক পরিবারকে গত কয়েকদিন পানিবন্দি করে রাখে। সোমবার থেকে পানি নামতে শুরু করলেও ঘরে ফিরে নতুন বিপাকে পড়েছেন তারা—কাদা-ময়লা পরিষ্কার, ভিজে যাওয়া বিছানা-আসবাব গোছানোর ব্যস্ততায় কাটছে সময়।
খাগড়াছড়ি পৌরসভার সবজি বাজার, মুসলিমপাড়া, গঞ্জপাড়া, গরু বাজার, মেহেদীবাগ, হেডম্যানপাড়া, ফুটবিল এলাকা ও শব্দমিয়া পাড়া পানিতে তলিয়ে ছিলো। হঠাৎ পানি ওঠায় অনেক পরিবার কিছুই রক্ষা করতে পারেনি।
আশ্রয়কেন্দ্র থেকে ফেরা বাসিন্দারা জানান, হঠাৎ বন্যায় তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। স্থানীয় স্কুল-মাদ্রাসায় আশ্রয় নিলেও পানি নেমে যাওয়ায় এখন যার যার ঘরে ফিরেছেন। তবে ঘর পরিষ্কার ও খাবার সংকটে আবারো ভোগান্তিতে পড়েছেন তারা।
এ অবস্থায় খাগড়াছড়ি পৌরসভা এবং সদর উপজেলা বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। বিএনপির পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম। তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের যা সহযোগিতা প্রয়োজন, বিএনপি তা করার চেষ্টা করবে।”

-পার্বত্য সময়