পাহাড়ে চাঁদাবাজী বন্ধ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ সবার ভাগ্য উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সোমবার বান্দরবান শহরের সার্কিট হাউসে বান্দরবানে সরকারী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, যাদের পকেট থেকে চাঁদা যায় তারা বুঝে কি কষ্ট। তাই এসব বন্ধ করে সাধারণ মানুষের মধ্যে সুখ ফিরিয়ে নিয়ে আসতে হবে।
উপদেষ্টা আরো বলেন, পাহাড়ের শিক্ষা ব্যবস্থা সমতলের চেয়ে অনেক পিছিয়ে। যার কারণে এ অঞ্চলের ছেলে-মেয়েরা কোথাও কোন প্রতিযোগিতায় গিয়ে টিকতে পারছেনা। তাই মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা খুবই জরুরি।
পর্যটনের বিষয়ে সুপ্রদীপ চাকমা বলেন, বান্দরবান পার্বত্য জেলা সারাদেশে পর্যটন নগরী হিসেবে পরিচিত। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পর্যটন শিল্প বিকাশে কাজ করা হবে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠন নিয়ে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, খুবই শীঘ্রই জেলা পরিষদ গঠন করা হবে। সরকারের রূপরেখা অনুযায়ী সদস্য সংখ্যা নেয়া হবে। আমি চাইলে একজন বাড়াতে বা কমাতেও পারবো না। তবে সদস্যদের মধ্যে শিক্ষার্থী রাখা হলে আমার মতে ভালো হবে।
যৌথ অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্দেহে মা-বোন ও শিক্ষার্থীদেরকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে তাদের মুক্তি দেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুপ্রদীপ চাকমা বলেন, বিষয়টি নিয়ে আমরা চিন্তা করছি। তাদের বিষয়ে আইনগত কোনো জটিলতা আছে কিনা সেটা দেখা হবে।
সকলের সমন্বয়ে জনগণের মঙ্গলের জন্য পাহাড়ে উন্নয়নে অন্তবর্তীকালীন সরকার কাজ করবে বলেও জানান তিনি।
-পার্বত্য সময়

