রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্রিকফিল্ড এলাকায় অবৈধ কাঠ উদ্ধার অভিযানে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। এতে অন্তত তিনজন বনকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৭ মে) সন্ধ্যার আগে কাপ্তাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কর্ণফুলী রেঞ্জের অধীনে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু কাউসার।
প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে অংশ নেওয়া সাত-আটজনের একটি দল স্থানীয়ভাবে পরিচিত কাঠ চোরাকারবারি মো. হাসানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে চোরাকারবারিদের সঙ্গে বনকর্মীদের বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয় এবং বনকর্মীদের ওপর হামলা চালানো হয়।
আহতদের মধ্যে রয়েছেন বনকর্মী মো. আরিফ, মো. খলিল এবং মো. শরিফ। তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে দু’জনকে ছেড়ে দেওয়া হয়। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সদর রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, “অবৈধ কাঠ উদ্ধারের সময় আমাদের সদস্যরা সশস্ত্র হামলার শিকার হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা জানান,“তিনজন বন বিভাগের কর্মী আহত অবস্থায় আমাদের হাসপাতালে আসেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রামে রেফার করা হয়েছে।”
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
-পার্বত্য সময়


