বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।


