রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মিলন তালুকদারকে অপহরণ করেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত)- এর সদস্যরা বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকায়। সেদিন রাত আনুমানিক ১২টার দিকে মিলন তালুকদারকে তার শ্বশুরবাড়ি থেকে অপহরণ করা হয়।
অপহৃত মিলন তালুকদার রাঙামাটি শহরের পূর্ব ট্রাইবেল আদম, ৭নং ওয়ার্ড, বনরুপা এলাকার বাসিন্দা।

অপহরণের পরদিন, শনিবার (১ নভেম্বর) মিলনের স্ত্রী কুয়েলী চাকমার কাছে ফোন করে ইউপিডিএফ (প্রসিত) সদস্যরা ৭৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অপহৃতের স্ত্রী কুয়েলী চাকমা রামহরি পাড়ার বাসিন্দা এবং বুইয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

ঘটনার পর থেকে মিলন তালুকদারের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অপহৃত ব্যক্তিকে উদ্ধারে তৎপর রয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রামহরি পাড়ায় ইউপিডিএফ (প্রসিত) দীর্ঘদিন ধরে সক্রিয়। মাঝে মাঝেই চাঁদাবাজি ও অপহরণের ঘটনা ঘটে, তবে এবার সাবেক চেয়ারম্যানের পিএস অপহরণ হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে নানিয়ারচর ও তার আশপাশের এলাকায় ইউপিডিএফ (প্রসিত)- এর অপহরণ ও চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে বলে অভিযোগ রয়েছে।