খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল। গত ১৭ জুলাই (বুধবার) রাতে পরিচালিত অভিযানে অভিযুক্তদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- মো. আরমান ইসলাম (৩২), মো. সাদ্দাম হোসেন (২৯), মো. এনায়েদ হোসেন (২৫) এবং সাকিব আলম (২০)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই রাতে খাগড়াছড়ি সদর উপজেলার একটি এলাকায় ১৪ বছর বয়সী এক ত্রিপুরা কিশোরী তার আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, ওই রাতে চারজন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে ১২ জুলাই ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরদিন হাসপাতাল থেকে তিনি নিজে থেকেই চলে যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এই ঘটনায় কিশোরীর বাবা ১৭ জুলাই খাগড়াছড়ি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে স্থানীয়ভাবে ঘটনাটি আপসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়েছিল বলে এলাকাবাসীর একাংশ জানিয়েছে, যদিও সেই প্রচেষ্টা সফল হয়নি।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয় এবং অভিযুক্ত চারজনকে আটক করা হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সংবেদনশীল এ ঘটনার তদন্তে নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। পাশাপাশি যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

-পার্বত্য সময়