নববর্ষ উপলক্ষে বান্দরবানে চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এর ফলে পর্যটকরা জনপ্রতি প্রায় ২০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন।
রোববার (১২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত প্রবেশাধিকার থাকবে।
এ উদ্যোগের ফলে ভ্রমণপিপাসুরা অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই সহজে এসব পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারবেন এবং নববর্ষের উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে পারবেন।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এমন উদ্যোগ পর্যটন খাতকে আরও গতিশীল করবে এবং পর্যটকদের আগ্রহ বাড়াবে।


