পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও স্থানীয় জনগণের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শনিবার (৩০ আগস্ট) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন।
খাগড়াছড়ি সদর জোন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ছোট তারাবনছড়া ও আশপাশের বিভিন্ন এলাকার পাহাড়ি জনগোষ্ঠীসহ নানা সম্প্রদায়ের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবা প্রদান করেন- খাগড়াছড়ি এমডিএস-এর মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, জোন আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং ক্যাপ্টেন তাসমিয়া শফিক।
ক্যাম্প চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন খাগড়াছড়ি জোনের সেনাসদস্যরা।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, পিএসসি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানে আমরা নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করি এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম দরিদ্র মানুষের চিকিৎসা সেবার সুযোগ বাড়াবে।

-পার্বত্য সময়