মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির (AA) মধ্যে ফের সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষের গুলির শব্দ এবং একটি গুলির খোসা বাংলাদেশ সীমান্তে এসে পড়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত এলাকার একটি স্থানে গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। এতে কেউ হতাহত না হলেও চাকঢালা, ঘুমধুম ও দৌছড়ি এলাকার নারী, শিশু ও বৃদ্ধদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, “সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তের ওপার থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। এখনো হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য নেই।”
সূত্রগুলো জানায়, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি, রোহিঙ্গা সংগঠন আরসা এবং আরএসও-র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালে ছোড়া গুলি ও গোলার শব্দ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছাচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “সংঘর্ষের বিষয়টি আমরা অবগত। সীমান্তের ভেতরে একটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিজিবি ও প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমারের রাখাইন রাজ্যে অভ্যন্তরীণ সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতেও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
-পার্বত্য সময়
মিয়ানমারে ফের সংঘর্ষ, বান্দরবানে সীমান্তে আতঙ্ক
মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি, রোহিঙ্গা সংগঠন আরসা এবং আরএসও-র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালে ছোড়া গুলি ও গোলার শব্দ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছাচ্ছে।
সি
স্টাফ রিপোর্টার
২৭ জুলাই, ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি: সংগৃহীত

