পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও নারীর ক্ষমতায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুড গভর্নেন্সকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, আর নারীদের ক্ষমতায়ন ছাড়া কোনো উন্নয়নই পূর্ণতা পাবে না।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সেমিনারের সভাপতিত্ব করেন সচিব মো. আব্দুল খালেক। অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, কৃষিভিত্তিক জীবিকা, মানসম্মত শিক্ষা ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে গ্রুপভিত্তিক আলোচনা হয়।
উপদেষ্টা জানান, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন খাতে লাইভলিহুড ডেভেলপমেন্টে মোট বরাদ্দের ৪০ শতাংশ ব্যয় করা হবে। পাশাপাশি, নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, পার্বত্য অঞ্চলের ২০০টি স্কুল আধুনিকায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এসব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কনটেন্ট এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. মহব্বত উল্লাহ। তিনি পার্বত্য অঞ্চলের জন্য উপযোগী উন্নত ফসলের জাত উদ্ভাবন, টেকসই ভূমি ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং সমন্বিত কৃষি ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মং রাজা সাচিং, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, এনটিআরসিএ’র চেয়ারম্যান আমিনুল ইসলামসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

-পার্বত্য সময়