রাঙ্গামাটি জেলা শহরের ভেদভেদী এলাকায় ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তার নিজ দাদার বিরুদ্ধে।
সোমবার (১০ মার্চ) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিশুটির মা। এ ঘটনায় অভিযুক্ত দাদা সুভাষ কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্কেকে মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুর মা জানান, গত রোববার (৯ মার্চ) রাতে শিশুটি তার দাদা ও দাদির সঙ্গে ঘুমিয়েছিল। পরদিন সোমবার সকালে দাদি শিশু ও তার দাদাকে বিছানায় রেখে কাজে বের হন। সকাল ৭টার দিকে শিশুটি চিৎকার করে কান্না শুরু করে। কান্না শুনে তিনি দেখতে গেলে শিশুটি বিছানা থেকে উঠে আসে এবং জানায়, তার দাদা তার গোপন স্থানে হাত দিয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে শ্বশুর তার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
ভুক্তভোগী শিশুর মা আরও বলেন, ‘দুপুরে শিশুটি প্রস্রাব করার সময় জ্বালাপোড়া ও ব্যথার কারণে কান্না করতে থাকে। তার শরীরে জ্বর আসে। অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, ‘যৌন নিপীড়নের শিকার হয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’
রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

-পার্বত্য সময়