সেনাবাহিনী-বিজিবির তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতি প্রায় ৬০ লাখ টাকা (হ্যাঙ্গার)

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩টি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত ১টার পর এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় আড়াই ঘণ্টা পর।

ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা স্টেশন সূত্রে জানা যায়, রাত ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৩টা ৫৫ মিনিটে।

ফায়ার সার্ভিস মাটিরাঙ্গা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল জ্বালানি, আসবাব, গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যের দোকান। একটি পাকা, দুটি আধাপাকা এবং বাকিগুলো কাঁচা কাঠামোর ছিল।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ফেসবুক পোস্টে জানানো হয়, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা, বিজিবি, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারে থাকা একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ড ঘটতে পারে।

বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।