দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত ভবনটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা। ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সিএইচটি মিশনারি বুড্ডিস্ট মংক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি।
তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহমেদ, ভারপ্রাপ্ত মাটিরাঙ্গা জোন কমান্ডার মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউদ্দিন আহমেদ ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


