পাহাড়ের পর্যটনস্বর্গ সাজেক এখন আধিপত্যের লড়াইয়ে বিপর্যস্ত এক জনপদ। দীর্ঘদিনের নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কাছে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ। সাজেকের পর্যটন, কৃষি ও পরিবহন খাতের নিয়ন্ত্রণ নিয়ে আঞ্চলিক দুই সংগঠনের বিরোধ এখন রূপ নিয়েছে সড়ক অবরোধ ও পাল্টাপাল্টি অবস্থানে। নিয়ন্ত্রণ হারিয়ে ইউপিডিএফ যখন অনেকটা দিশেহারা, তখন নিজেদের প্রভাববলয় পুনরুদ্ধারে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে মাঠে নামানো হয় তাদের কথিত ছায়া সংগঠন ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’। স্থানীয়দের দাবি, ইউপিডিএফের রাজনৈতিক নেতা-কর্মী ও সমর্থকদের সম্পৃক্ততায় গড়ে ওঠা এই সংগঠনের ব্যানারেই চলছে অবরোধসহ নানা কর্মসূচি।
অন্যদিকে, সাজেকের বিস্তীর্ণ এলাকায় পিসিজেএসএসের প্রভাব বিস্তারের ফলে ক্রমেই সংকুচিত হচ্ছে ইউপিডিএফের নিয়ন্ত্রণ। দুই আঞ্চলিক সংগঠনের এই আধিপত্যের লড়াইয়ে কার্যত জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বন্ধ পর্যটনকেন্দ্রিক ব্যবসা, আটকে আছে কৃষিপণ্য, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা; এমনকি বন্ধ হয়ে যাচ্ছে ধর্মীয় আয়োজনও। একদিকে দীর্ঘদিনের প্রভাববলয় হারানোর শঙ্কা, অন্যদিকে প্রতিপক্ষের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ- সব মিলিয়ে পাহাড়ে কি তবে ইউপিডিএফের সাম্রাজ্যের পতন আসন্ন? নিজেদের অবস্থান ধরে রাখতে কি অন্তিম লড়াইয়ে নামছে প্রসীতপন্থীরা? এসব প্রশ্নের মধ্যেই ক্রমেই গভীর হচ্ছে সাজেকের মানবিক ও নিরাপত্তা সংকট।
সাজেকে যে ভাবে অবরোধের মতো আন্দালনের ডাক আসে
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) দলের সশস্ত্র সংগঠন চোখ দেয় পর্যটন নগরী সাজেকে। অনেক বছর ধরে সাজেক নিয়ন্ত্রণ নিতে চাইছে পিসিজেএসএস। কিন্তু কিছুতেই ইউপিডিএফ’র কৌশলে নিয়ন্ত্রণ নিতে পারিনি। অবশেষে বেশ কয়েক মাস আগে কৌশলে সাজেক নিয়ন্ত্রণ নেয় পিসিজেএসএস। স্থানীয়দের মতে, সাজেকের প্রায় ৭০ভাগ এরিয়া দখলে নিয়েছে সন্তু লারমার সংগঠনটি।
প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ পিসিজেএসএস’র সাথে অস্ত্রের বলে টিকতে না পারায় তারা ভিন্ন কৌশল অবলম্বন করে। তারা এলাকার স্থানীয় এবং তাদের রাজনৈতিক শাখার কর্মীদের নিয়ে একটি ছায়া সংগঠন দাড় করায়। সংগঠনটির নাম ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। স্থানীয় জনগণ, সংবাদ কর্মীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। এ সংগঠনটি ২০২৪ সালের ১৮জুন প্রতিষ্ঠিত হয়েছিলো বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
নিয়ন্ত্রণ হারিয়ে ইউপিডিএফ যখন দিশেহারা তখন রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তারা তাদের ছায়া সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটিকে মাঠে নামায়। সংগঠনটিতে তাদের বিভিন্ন শাখার রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও তাদের সমর্থিত নারী-পুরুষকে সম্পৃক্ত করে। এ সংগঠনটিতে সামনে সারী থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবুধন চাকমা। পিসিজেএসএস ইউপিডিএফ’র পুরো দুর্গ দখলে মরিয়া হয়ে উঠে। কারণ সাজেকের ট্যুরিস্ট খাত, কৃষি পণ্য বাঁশ পণ্য, পরিবহন খাত সব জায়গা থেকে চাঁদা নেয় ইউপিডিএফ। এসব চাঁদা দিয়ে তারা তাদের সশস্ত্র কার্যক্রম পরিচালনা করছে। মূলত চাঁদার ভাগে পিসিজেএসএস আসীন হওয়ায় ইউপিডিএফ তাদের পুরনো দুর্গ দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে।
গত ১১ অক্টোবর ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্যকারী এসোসিয়েশন’ এর ব্যানারে তিন দফা দাবিতে সাজেক সড়কে অবরোধের ডাক দেয়া হয়। এরপর প্রশাসনের আশ্বাসে অবরোধ ৪৮ ঘণ্টা শিথিল করা হলেও দাবি পূরণ না হওয়ায় ১৫ অক্টোবর থেকে ফের অবরোধ শুরু হয়।
দুর্গাপূজা পালনের সুবিধার্থে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শিথিলতার পর ২২ অক্টোবর থেকে লাগাতার অবরোধ শুরু হয়। ২২ অক্টোবর সাজেকে অবস্থানরত প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে নামিয়ে আনার সময় উজোবাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় চলা এই অবরোধের ফলে সাজেকের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে গত ২৬ অক্টোবর খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ৫টি দাবির মধ্যে ৪টিতে সমঝোতা হলেও একটি মূল দাবিতে মতপার্থক্য থাকায় আলোচনা অমীমাংসিত থেকে যায়। এরপর দৃশ্যমান কোনো সরকারি উদ্যোগ না থাকায় সাজেকের আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জীবনযাত্রা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ঘোষণা দিয়েছেন তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাঁচ দফা দাবিগুলো হলো- ‘‘হামলার বিচার, মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যয় বহন এবং সাজেক থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া’’। ৭ নভেম্বর বাবুধন চাকমাকে আহ্বায়ক এবং বিজয় কান্তি চাকমাকে সদস্য সচিব করে ১০১ সদস্যের ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ ।
অবরোধে ধর্মীয় আয়োজনও বন্ধ, বিপাকে সাধারণ মানুষ
অবরোধের প্রভাবে সাজেকের বাঘাইহাট বনানী বন বিহারে ৬ ও ৭ নভেম্বরের কঠিন চীবর দানোৎসব বাতিল করা হয়েছে। বিহার পরিচালনা কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা জানিয়েছেন, যান চলাচল বন্ধ, বাজারে পণ্য না পাওয়া এবং মানুষের উপস্থিতি কম থাকায় উৎসব আয়োজন সম্ভব হয়নি। অবরোধ চলমান থাকলে বিভিন্ন বিহারে বাতিল হতে পারে কঠিন চীবর দানোৎসব। প্রতি বছর ধর্মী ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন বিহারে এ আয়োজন করা হলেও চলমান পরিস্থিতিতে তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
পর্যটন অর্থনীতিতে বড় ধাক্কা
পর্যটন মৌসুমে সাজেকের রিসোর্ট, কটেজ, হোটেল, মোটেল, পরিবহন, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসাগুলো কার্যত স্থবির। পর্যটক না থাকায় আগাম বুকিং বাতিল হচ্ছে, কর্মহীন হয়ে পড়ছেন পর্যটননির্ভর শ্রমজীবী মানুষ। সড়কে চলছে না গাড়ি, নেই কোন পর্যটক। স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন অবরোধের কারণে তাদের পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কৃষিপণ্য নষ্ট, চিকিৎসা নিয়েও উদ্বেগ
সাজেকের কৃষকরা মৌসুমি ফল ও কৃষিপণ্য বাজারজাত করতে না পেরে লোকসানের মুখে পড়ছেন। পণ্য পরিবহনে ছাড় দেওয়ার ঘোষণা এলেও নিয়মিত যান চলাচল স্বাভাবিক না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারায় কৃষকদের কয়েককোটি টাকার লোকসানে পড়তে হয়েছে বলে জানান তারা। একই সঙ্গে জরুরি রোগী পরিবহন ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। অবরোধের কারণে ৮নভেম্বর গাড়ি না পেয়ে সাজেকের জৌপুই পাড়ায় ওয়ারেন্টি ত্রিপুরা নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ স্থানীয়ভাবে সামনে এসেছে।
গুলির ঘটনা ও নিরাপত্তাহীনতা
অবরোধের মধ্যেই সাজেকের শুকনোছড়া এলাকায় ৮ নভেম্বর রাতে অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর আঞ্চলিক দলগুলোর লড়াইয়ে সঞ্চিতা ত্রিপুরা নামে এক কন্যা শিশু গুলিবিদ্ধ হয়েছিলো। এছাড়াও পুরো এলাকায় আধিপত্য লড়াইয়ে অবরোধের মধ্যেও থেমে থেমে বন্ধকযুদ্ধ অব্যাহত রয়েছে। যে কারণে সাজেকে বসবাসরত সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
পাঁচ দফা দাবি, সমাধান কোথায়?
২৬ অক্টোবর প্রশাসনের সঙ্গে বৈঠকে অবরোধকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে হামলার বিচার, মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যয় বহন এবং সাজেক থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি রয়েছে। বৈঠকে চারটি বিষয়ে সমঝোতা হলেও শেষ দাবিটি নিয়ে মতৈক্য হয়নি। যে কারণে এখনো কোন সমাধানের পথ পাওয়া যায়নি।
মামলার আসামি বাবুধনের নেতৃত্ব অবরোধ কর্মসূচি
অবরোধ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার বিরুদ্ধে মাচালং বনবিট অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাজেক থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা নম্বর ১ (১২) ২৫। এছাড়াও তিনি সাজেকে ইউপিডিএফ’র বিচার বিভাগের প্রধান। সাধারণ নাগরিকের আন্দোলনের নামে এরকম একজন সশস্ত্র সদস্য মুখোশ পড়ে অবরোধের নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’র আহ্বায়ক বাবু ধন চাকমা হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কিছু দাবি মেনে নেয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। উল্টো সাজেক খুলে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। দাবি না মেনে সাজেক খুলে দিলে যে কোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
ইউপিডিএফ’র কেন্দ্রীয় সংগঠক ও মুখপাত্র মাইকেল চাকমা বলেন, যারা সাজেক নিয়ে যৌক্তিক আন্দোলন করছে তাদের সাথে ইউপিডিএফ’র কোন সম্পৃক্তা নেই। যারা আন্দোলন করছে তাদের মধ্যে কৃষক, ব্যবসায়ী, কার্বারী রয়েছেন। তবে তাদের এ আন্দোলনে আমাদের সংহতি আছে বলে যোগ করেন তিনি।
সন্তু লারমার পিসিজেএসএসের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, জেএসএসের কোনো সশস্ত্র শাখা নেই। জেএসএস সব সব সময় জনগণের কল্যাণে রাজনীতি করে। চুক্তি বিরোধী সংগঠনগুলোর কারণেই পাহাড়ে আজ অশান্তি বিরাজ করছে।
সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য অনিত্য কুমার ত্রিপুরা বলেন, ‘গত ২১ অক্টোবর থেকে কোনো পণ্যের গাড়ি সাজেকে আসতে পারেনি, এমনকি কৃষিপণ্যও বাইরে নিতে পারেননি স্থানীয়রা। এভাবে চলতে থাকলে সাজেকে খাদ্য সংকট চরম আকার ধারণ করবে। তাই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জরুরী সহায়তা প্রয়োজন।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, আঞ্চলিক দলগুলোর আধিপত্যের লড়াইয়ে সাজেকে এই সংকট তৈরি হয়েছে। পর্যটন ভরা মৌসুমে ভ্রমণে বিধিনিষেধ থাকায় সাজেক এখন পর্যটকশূন্য। এই আর্থিক ক্ষতি ব্যবসায়ীরা কীভাবে পুষিয়ে নেবে, তা অনিশ্চিত। ব্যবসায়ীরা এই সংকটের দ্রুত সমাধান চান।
এদিকে বিশেষ একটি সূত্রের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে সাজেকে পর্যটক চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে। অবরোধের আগে শুধু মাচালং বাজারে জেএসএসের উপস্থিতি থাকলেও বর্তমানে সাজেকের বেশিরভাগ এরিয়া পিসিজেএসএস দখলে নিয়েছে। ক্রমেই সংকুচিত হয়ে আসছে ইউপিডিএফের দখলকৃত এলাকা।
সুশীল সমাজের নেতৃবৃন্দরা বলেছেন, সাজেকের সংকট কোনো পক্ষের আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে সমাধান সম্ভব নয়। রাজনৈতিক বিরোধের দায় সাধারণ মানুষ, কৃষক, পর্যটন ব্যবসায়ী কিংবা রোগীদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। অবরোধের নামে জনজীবন জিম্মি করা, যোগাযোগ বন্ধ রাখা এবং সহিংসতার মাধ্যমে দাবি আদায়ের প্রবনতা বন্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে গুলির ঘটনা ও সহিংসতার নিরপেক্ষ তদন্ত, নিরাপদ যাতায়াত, জরুরি চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহন নিশ্চিত করতে হবে।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেক খুলে দেয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁইয়া বলেন, সাজেকে অবরোধ তুলে নেওয়ার পথে রয়েছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে পিসিজেএসএস সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা হবে বলে জানান তিনি।
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার অর্থ শুধু সশস্ত্র সংঘাত নিয়ন্ত্রণ নয়; সাধারণ মানুষের চলাচল, জীবিকা, চিকিৎসা, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও। সাজেককে অবরোধ ও আধিপত্যের রাজনীতি থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় দাবি বলে জানিয়েছেন সচেতন মহল।


