বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাহাড়ি জনগোষ্ঠীর ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আশপাশের আরও কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে গ্রামের ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি আগুনের তাপে ও ছড়িয়ে পড়া শিখায় আশপাশের আরও কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় এবং যোগাযোগব্যবস্থা অনুন্নত থাকায় আগুন লাগার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন তাঁরা। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও বিস্তারিত তথ্য সংগ্রহের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘর পুড়ে যাওয়ায় তারা বর্তমানে দুর্ভোগের মুখে পড়েছেন। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের সহায়তা পৌঁছাতে না পারার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।


