খাগড়াছড়ির রামগড়ে বিদ্যালয় প্রাঙ্গণে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে আতঙ্কিত হয়ে এক সহকারী শিক্ষিকাসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলছিল। এ সময় চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের পাশের একটি গাছে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা বজ্রপাতের শব্দ ও জলকানিতে বেশি আক্রান্ত হয়। এ ঘটনায় ওই শ্রেণির সহকারী শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থী আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। চতুর্থ শ্রেণির কক্ষের পাশে বজ্রপাত হওয়ায় শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থীর হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে জলকানি লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের কারও কারও শরীরের বিভিন্ন অংশ সাময়িকভাবে অবশ হয়ে গিয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সবার শারীরিক অবস্থার উন্নতি হয়। বর্তমানে তাঁদের অবস্থা স্বাভাবিক। তাই বাড়িতে পাঠিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আহতদের হাসপাতালে নেওয়া এবং যথাসময়ে চিকিৎসা দেওয়ায় বড় ধরনের শারীরিক জটিলতার খবর পাওয়া যায়নি।