খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের বান্দরসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুটি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু)–এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল প্রায় ৮টা ৪৫ মিনিট পর্যন্ত থেমে থেমে এ গোলাগুলি চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফের মাটিরাঙ্গা উপজেলার সশস্ত্র কমান্ডার তীব্র চাকমার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল এবং জেএসএসের মাটিরাঙ্গা ও পানছড়ি সমন্বয়ক বিবর্ণ চাকমার নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের আরেকটি দল এ সংঘর্ষে জড়ায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৫০০ থেকে ৬০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে প্রায়ই এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, যা এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলছে।

এ পরিস্থিতিতে আঞ্চলিক সশস্ত্র দলগুলোর অপতৎপরতা ও সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।