খাগড়াছড়ির পানছড়িতে দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) বন্দুকযুদ্ধে ১ জন নিহত হয়েছে। 
রোববার (১৩ অক্টোবর) দুপুরে বন্দুকযুদ্ধ চলাকালে পানছড়ি উপজেলার পুজগাঙ বাত্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএস এর মধ্যে রোববার সকাল থেকে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনায় একজন প্রাণ হারিয়েছে। তবে নিহত ব্যক্তি কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় পাহাড়িরা জানায়, পুজগাঙ বাত্যাপাড়া এলাকায় রোববার সকাল থেকেই বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। থেমে থেমে দিনভর চলে দুই পক্ষের গুলি বিনিময়। 
তারা আরও জানায়, গত কয়েক দিন ধরে পানছড়ির সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা চলছে। এদিকে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধ সংঘটিত হওয়ার খবর আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে আবার এটিকে ‘ধর্মযুদ্ধ’ বলেও অ্যাখ্যা দিচ্ছেন। এ নিয়ে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আতঙ্ক ছড়িয়েছে। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে তাদের দিন-রাত। 
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল গণমাধ্যমকে বলেন, রোববার সকাল থেকে দুইপক্ষের গোলাগুলির খবর পাচ্ছি। একজন নিহত হয়েছে এমন কিছু ছবি ও ভিডিও ক্লিপস পেয়েছি। তবে এলাকাটি অতি দুর্গম এবং অরক্ষিত হওয়ায় আইনশৃঙ্খলাবাহিনী সেখানে মুভমেন্ট করতে পারেনি।

  • -পার্বত্য সময়