খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে ফের সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার ও চাঁদা আদায়কে কেন্দ্র করেই এ সংঘর্ষ বলে ধারণা করছে স্থানীয়রা।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার তারাবনছড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউপিডিএফের (প্রসীত) গ্রুপ কমান্ডার সুস্মিত চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জন সশস্ত্র সদস্য এবং জেএসএসের (সন্তু) গ্রুপ কমান্ডার ভাগ্যমনি চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জন সদস্যের মধ্যে মুখোমুখি অবস্থান থেকে গুলি বিনিময় শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ থেকে থেমে থেমে প্রায় ৮০ থেকে ১০০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পানছড়ি ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশেষ করে চাঁদা আদায় ও প্রভাব বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ তীব্র হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানান।
এদিকে সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ অনেকে ঘরবন্দি অবস্থায় রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
-পার্বত্য সময়


