বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। 
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার পর থেকে বুধবার ভোররাত ২টা পর্যন্ত থেমে থেমে এই গোলাগুলি চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ‘তমব্রু রাইট’ ও ‘তমব্রু লেফট’ নামে দুটি ক্যাম্প সম্প্রতি বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) দখলে নিয়েছে। ওই দুই ক্যাম্পের মাঝামাঝি নারিকেল বাগান এলাকায় গোলাগুলির শব্দ সবচেয়ে বেশি শোনা যায়। তবে ঠিক কোন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ১০ আগস্টও একই এলাকায় অনুরূপ গোলাগুলির ঘটনা ঘটেছিল।
সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়েছে- কক্সবাজারে দায়িত্বপ্রাপ্ত বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশি সীমান্তের নিরাপত্তায় বিজিবি সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে।”

-পার্বত্য সময়