রাঙামাটিতে প্রথমবারের মতো গুর্খা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘গণগৌর’ উৎসব উদযাপিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে জেলা রোডস্থ সুর নিকেতন সংগীত শিক্ষালয় মিলনায়তনে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষে গুর্খা সম্প্রদায়ের বিবাহিত নারীরা সকাল থেকে দুপুর পর্যন্ত উপবাস থেকে প্রদীপ জ্বালিয়ে শিব ও পার্বতীর পূজায় অংশ নেন। পরে তারা একত্র হয়ে আরতি, ঐতিহ্যবাহী গান এবং নাচের মাধ্যমে আনন্দ-উৎসব পালন করেন। স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা এই উৎসবের মূল তাৎপর্য বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজন করেন সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা। তিনি জানান, “এটি আমাদের সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। নেপাল এবং ভারতের রাজস্থানসহ বিভিন্ন অঞ্চলে এই উৎসব পালিত হলেও বাংলাদেশে এবারই প্রথম রাঙামাটিতে আয়োজন করা হলো।”
গুর্খা সম্প্রদায়ের সদস্যরা মনে করছেন, এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় আচার নয়, বরং ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। আয়োজকদের আশা, আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে এই অনুষ্ঠান পালিত হবে।

-পার্বত্য সময়