বান্দরবানের লামা উপজেলায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় মাটি খুঁড়ে ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ মে রাতে লাইনঝিরি এলাকায় আবুল খায়ের টোব্যাকোর কার্যালয়ে ডাকাত দল হামলা চালায়। তারা অফিস কর্মীদের জিম্মি করে নগদ ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নেয়। পরদিন ১০ মে লামা থানায় অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার পরপরই জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছারের নির্দেশে অভিযান শুরু করে পুলিশ। ধারাবাহিক অভিযানে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়া থেকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়ার পূর্ব ভেউলা ইউনিয়নের মারুফুল ওরফে আরিফ (৩৩), লক্ষ্যারচর ইউনিয়নের নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬), মো. সুজন (২৫), একই এলাকার আনোয়ারা বেগম (৪৫), শাকিলা জান্নাত (২৫), তার স্বামী মো. করিম এবং করিমের পিতা ওয়াসির আলী।
আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কয়েক দফায় টাকাগুলো উদ্ধার করে। ১৬ মে সন্ধ্যা ৭টায়, লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিলেটিপাড়া এলাকায় ওয়াসির আলীর বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার হয় ২ লাখ ৬৭ হাজার টাকা। ১৭ মে, করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ১৮ লাখ টাকা। রাতেই ডাকাত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় আরও ৩০ লাখ ৭০ হাজার টাকা। একই ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে উদ্ধার হয় ৫০ হাজার ২০০ টাকা। সবমিলিয়ে উদ্ধারকৃত টাকার পরিমাণ দাঁড়ায় ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।
মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. এনামুল হক জানান, চট্টগ্রাম অঞ্চলের একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. করিম এই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “ডাকাতির ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকিদের ধরতে এবং লুট হওয়া পুরো অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
-পার্বত্য সময়


