খাগড়াছড়িতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আজ বুধবার (৭ মে) স্বাস্থ্য বিভাগের উদ্যোগে প্রথম ধাপে ৭ জন আহতকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মিলনায়তনে আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
‘তারুণ্য উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, ওয়ারিয়র্স অব জুলাই খাগড়াছড়ি’র আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব জামিন হাসান সিয়াম।
অনুষ্ঠানে জানানো হয়, গণঅভ্যুত্থানে আহত খাগড়াছড়ির ১৯ জন নাগরিকের প্রত্যেককেই পর্যায়ক্রমে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে তারা সরকার নির্ধারিত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা পাবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় গত ১ জানুয়ারি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই পদক্ষেপকে সরকার ‘গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের প্রতীক’ হিসেবে দেখছে।
উল্লেখ্য, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত বছরের মাঝামাঝি সময়ে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থানে অনেকেই আহত হন। তাদের চিকিৎসা সহায়তায় সরকারের পক্ষ থেকে এ ধরনের একটি উদ্যোগ বাস্তবায়নকে মানবিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
-পার্বত্য সময়


