দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে, যার প্রভাবে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টির কারণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ বড় শহরগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের আটটি বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহীতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এ সময় ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ এবং সর্বোচ্চ ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে।
বিশেষভাবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।
এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নদী ও খালের পানি উপচে পড়ার আশঙ্কা থাকলে, বাসিন্দাদের দ্রুত সরে যেতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পুরো সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে যাতায়াত ও বাসস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
-পার্বত্য সময়


