চট্টগ্রামের হাটহাজারীতে গাড়িচাপায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় সদস্য মাওলানা সোহেল চৌধুরী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছিল হেফাজতের কর্মীরা। বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাটহাজারী থানায় দুই পক্ষের বৈঠকের পর ছয় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

বৈঠকে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে দুই লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। এছাড়া উপজেলা প্রশাসনও পরিবারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ গণমাধ্যমকে জানান, বৈঠকের সমঝোতার পর অবরোধকারীরা সড়ক অবরোধ তুলে নেন। বর্তমানে হাটহাজারী ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে সকাল ৮টার দিকে হেফাজতের নেতাকর্মীরা নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সড়ক অবরোধ করেন। নিহত মাওলানা সোহেল চৌধুরী রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদরাসার মুহতামিম ছিলেন। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আবদুল কাদের চৌধুরী বাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে।