পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার ও সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পরিবহন খাত থেকে জবরদস্তিমূলক চাঁদা আদায়ের অভিযোগের মধ্যে খাগড়াছড়ির মহালছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গতকাল (২২ আগস্ট) মহালছড়ি উপজেলার ধুমনীঘাট সাথী পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ইউপিডিএফ (প্রসীত)-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
অভিযানে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, শর্টগানের কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানা গেছে।
অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্ধার করা নথিপত্র ও হিসাব খাতায় বিভিন্ন খাত থেকে নিয়মিত অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নাগরিকদের কাছ থেকে মাসোহারা, গাছ-বাঁশ ও কৃষিপণ্যের ওপর ‘রয়্যালটি’ এবং চাঁদের গাড়ি, সিএনজি, মোটরসাইকেল ও ট্রাক থেকে টোকেন বা লাইসেন্সের নামে অর্থ আদায়ের হিসাব রয়েছে।
উদ্ধার করা নথিতে সংগৃহীত অর্থের ব্যয়ের হিসাবও রাখা হয়েছে বলে জানা গেছে। এতে ক্যাডারদের খাবার ও ভাতা, সাংগঠনিক কার্যক্রম, গোপন আস্তানার ব্যবস্থাপনা, যাতায়াত, চিকিৎসা, মোবাইল রিচার্জ, আইনি খরচসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয়ের তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের মতে, এসব নথি পার্বত্য এলাকায় সশস্ত্র গোষ্ঠীর কথিত সাংগঠনিক কার্যক্রমের অর্থায়ন ও চাঁদা আদায়ের একটি কাঠামোর ইঙ্গিত দেয়। তাদের অভিযোগ, ‘স্বাধিকার আন্দোলন’ বা অধিকার আদায়ের দাবির আড়ালে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠী, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা অস্ত্র, নথিপত্র ও সরঞ্জামের বিষয়ে আইনগত প্রক্রিয়া এবং তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।


