খাগড়াছড়ির মহালছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত টমটম সড়কের পাশের খাদে পড়ে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের লেমুছড়ি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর একটি টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আহতরা হলেন—ক্যায়াংঘাট ইউনিয়নের মো. ছগীর আহম্মেদ (২৫) ও মুরশিদা আক্তার (৩০) এবং মাইসছড়ি ইউনিয়নের কালোপাহাড় এলাকার মাহবুব হোসেন (৩২), জামাল উদ্দিন (৩২) ও ফাতেমা আক্তার (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকিজাছড়ি থেকে চারজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত টমটম মহালছড়ি উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বদনালা এলাকা অতিক্রম করে লেমুছড়ি বটতলায় পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর খাগড়াছড়িগামী সেনাবাহিনীর একটি টহল দলের সদস্যরা আহতদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং অপর তিনজনকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় সেনাবাহিনীর একটি টহল দল মহালছড়ি থেকে মাইসছড়ি পর্যন্ত সড়কে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। দুর্ঘটনার খবর পেয়ে টহল দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

আরও জানায়, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।