‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বেইলি রোডে শুরু হওয়া তিন দিনব্যাপী পাহাড়ি ফলের মেলা আজ সোমবার (২৯ জুন) শেষ হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে ২৭ জুন শুরু হওয়া এই মেলায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির প্রায় ৩০টি স্টলে প্রদর্শিত ও বিক্রি হয়েছে পাহাড়ি আম, আনারস, কাঁঠাল, কলাসহ নানা মৌসুমি ও দেশীয় ফল।

পাহাড়ি ফলমেলায় প্রদর্শন করা হয়েছে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন জাতের ফল।
পাহাড়ে উৎপাদিত বিভিন্ন জাতের ফল। ছবি: সংগৃহীত

মেলায় রাঙামাটির আনারস বিক্রি হয়েছে প্রতিটি ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। পাশাপাশি পাহাড়ে উৎপাদিত দেশি ও বিভিন্ন জাতের উন্নত মানের আম, শাকসবজি ও মসলা জাতীয় পণ্যও স্থান পেয়েছে বিভিন্ন স্টলে।

আনারস
রাঙামাটির আনারস। ছবি: সংগৃহীত

এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে দেখা গেছে থাইল্যান্ডের জাতের ‘কিং অব চাকাপাত’ আম, যা দর্শনার্থীদের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করে।

আয়োজকদের মতে, এই মেলার মাধ্যমে রাজধানীর মানুষজন রাসায়নিকমুক্ত, টাটকা ও প্রাকৃতিকভাবে উৎপাদিত পাহাড়ি ফল সম্পর্কে জানতে ও স্বাদ নিতে পারছেন।

উদ্বোধনের পর থেকেই প্রতিদিন বিকেল পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের ভিড়ে সরগরম ছিল। তবে নির্ধারিত সময় শেষ হওয়ায় তিন দিনের এই আয়োজন আজই শেষ হচ্ছে।