রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির সভাপতি পদ থেকে পদত্যাগ এবং এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি। ইউপিডিএফের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন এই কার্বারী।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দেওয়া এক লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা এসব ঘোষণা দেন।

পাঠকদের সুবিধার্থে তার লিখিত বক্তব্য হুবহু তুলে ধরা হলো:

আমার প্রিয় সাজেকবাসী,
আজ ১০ নভেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার, আমি নতুন জয় চাকমা, কার্বারী, সাজেক। আজ আপনাদের সামনে কিছু সত্য কথা তুলে ধরার প্রয়াস করছি। মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে, সাজেক এবং একজন সাধারণ জুম্ম হিসেবে স্বজাতির প্রতি নিজের কর্তব্যবোধ থেকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সম্প্রতি সাজেক অবরোধ নিয়ে ইউপিডিএফের উসকানি, প্ররোচনা এবং ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তথাকথিত সাজেক কার্বারী এসোসিয়েশনও ইউপিডিএফের সৃষ্ট এবং এই এসোসিয়েশনে এমন কোন কার্বারীর সংখ্যা নেই যে সংগঠনটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। নামেমাত্র কার্বারী এসোসিয়েশন, ক্ষেত্রে অনেকটাই দালালী ছাড়া অন্য কিছু নয়। আপনারা জানেন, সাজেকের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে চলমান জনস্বার্থ বিরোধী সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা আজ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এই অবরোধের ফলে সাজেকের সঙ্গে বাইরের এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা, খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই সংকটের সবচেয়ে বড় শিকার হচ্ছেন সাধারণ সাজেকবাসী। আমরা সাজেকবাসী এই দুরঅবস্থা থেকে মুক্তি চাই। আমরা আর কোনো জনস্বার্থ বিরোধী অবরোধ, ভয়ভীতি ও চরম অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে চাই না। আমি দীর্ঘদিন ইউপিডিএফের অপশাসনের মধ্যে অবস্থান করেছি। সেই সময় আমার অভিজ্ঞতায় দেখেছি, ইউপিডিএফ-এর দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করার জন্য মৃত্যুর হুমকি দেওয়া হতো। একারণে অনেকেরই ইচ্ছার বিরুদ্ধে কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হতেন। বিশেষ করে সাজেকের চলমান জনস্বার্থ বিরোধী অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষকে মাঠে নামানো এবং কর্মসূচির পক্ষে অবস্থান নিতে বাধ্য করার যে হীন প্রবণতা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে।

সাম্প্রতিক সময়ে সাজেক কার্বারী এসোসিয়েশন নামে যে সংগঠন গঠন করা হয়েছে, সেটির গঠনপ্রক্রিয়া ও পরিচালনার ভার ইউপিডিএফ আমাকে দিয়েছে। এভাবে একেক ঘটনায় একেক সময় আমার নামে নানান বিবৃতিও প্রকাশ করেছে যা নিজেও জ্ঞাত নয়। একইভাবে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামক সংগঠনটিও ইউপিডিএফ নিজেদের দলীয় স্বার্থে সরাসরি সৃষ্টি করেছে। এসকল জনস্বার্থ বিরোধী সংগঠনগুলো পরিচালনার্থে গোয়ারগোবিন্দ মার্কা লোক দিয়ে জনস্বার্থ বিরোধী কার্যক্রম হাতে নিয়েছে ইউপিডিএফ।

আমি একজন কার্বারী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে নিজের এলাকার মানুষের স্বার্থ ও অধিকারের পক্ষে দায়িত্ব পালন করা। এই উপলব্ধি থেকেই শেষ পর্যন্ত আমি নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছি। আমি কারও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, বরং সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই আজ সত্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।

আমি কোনো ব্যক্তিগত প্রতিশোধ, রাজনৈতিক বিদ্বেষ কিংবা কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই বক্তব্য দিচ্ছি না। বাস্তব অভিজ্ঞতা ও ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে, সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি হিসেবে আমার পক্ষ থেকে এই সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক ভূমিকা থেকে সম্পূর্ণ সরে দাঁড়াচ্ছি এবং সংগঠনটিও বিলুপ্তি ঘোষণা করছি। এই প্রেক্ষিতে আমি সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি; সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি এবং অনির্দিষ্টকালের জন্য যে অবরোধ ঘোষণা করা হয়েছিল, সেই অবরোধ প্রত্যাহার করে নিচ্ছি।

পরিশেষে বলতে চাই, আমি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, জনগণের স্বার্থের পক্ষে অবস্থান নিয়েছি। আমার এই অবস্থান কোনো সাময়িক আবেগের বহিঃপ্রকাশ নয়। এটি দীর্ঘদিনের অভিজ্ঞতা, উপলব্ধি ও বিবেকের সিদ্ধান্ত। জীবনের ঝুঁকি থাকলেও সাজেকের মানুষের বৃহত্তর মঙ্গলের জন্য সত্য প্রকাশ এবং ন্যায়সংগত অবস্থান গ্রহণ থেকে আমি পিছপা হব না। সাজেকবাসীর দুর্শার অবসান হোক। মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হোক।