প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘হাফ হিল ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতা। পাহাড়ের সৌন্দর্য ও বৈচিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই শনিবার (১৮ অক্টোবর) আয়োজিত হয় এই প্রতিযোগিতা।

বান্দরবান শহরের রাজা মাঠ থেকে ভোরে শুরু হওয়া ম্যারাথনটি চিম্বুক সড়কের উঁচু–নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ অতিক্রম করে সম্পন্ন হয়। ‘হিলস রানার’-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ‘বেটার রান’—এই তিন ক্যাটাগরিতে নারী–পুরুষ, শিশু ও প্রবীণসহ মোট ৪৯০ জন দৌড়বিদ অংশ নেন। এর মধ্যে ৬৫ জন ছিলেন নারী প্রতিযোগী।

সকাল ৬টা থেকে শুরু হয়ে সকাল ১০টার মধ্যে শেষ হয় প্রতিযোগিতা।

অংশগ্রহণকারীরা জানান, পাহাড়ি আঁকাবাঁকা পথে দৌড়ানো ছিল এক ভিন্নধর্মী রোমাঞ্চকর অভিজ্ঞতা।
হিল হাফ ম্যারাথন উদযাপন কমিটির আহ্বায়ক শহিদুর রহমান সোহেল বলেন, “বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং পর্যটন সম্ভাবনাকে আরও প্রসারিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”

স্থানীয়দের মতে, প্রাকৃতিক সৌন্দর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল অংশগ্রহণে সম্পন্ন হওয়া এ ম্যারাথন বান্দরবানের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।