পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক বলেছেন, “পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না।” তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম গ্রহণের সময় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সতর্ক থাকতে হবে।
১৫ জুন রাঙামাটিতে অনুষ্ঠিত ‘দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, “মাঠপর্যায়ে দপ্তর ও সংস্থার কার্যক্রমে সরাসরি যুক্ত হওয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “পাহাড়ের চূড়ায় সরকারি অনুমতি ছাড়া কোনো বহুতল ভবন নির্মাণ করা যাবে না। পর্যটন শিল্পের উন্নয়নের জন্য পাহাড়ে যেসব স্থাপনা নির্মিত হবে, সেগুলোর ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে হবে।”
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৩২ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল তারা রাঙামাটির বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
কর্মশালা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সভাপতিত্ব করেন। এছাড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার ও উপসচিব মোহাম্মদ সামছুল হক কর্মশালায় মডারেটরের দায়িত্ব পালন করেন।
-পার্বত্য সময়


