রাঙামাটির নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত বেশ কয়েকটি সরকারি প্রকল্প ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, সদস্য (পরিকল্পনা) ও তুলা চাষ প্রকল্পের পরিচালক মো. জসীম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
পরিদর্শনকালে পার্বত্য সচিব বলেন, সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নের পাশাপাশি কৃষিক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়াতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, কৃষি উন্নয়নে গুরুত্ব দিতে তিন পার্বত্য জেলার উন্নয়ন বাজেটে কমপক্ষে ৪০ শতাংশ বরাদ্দ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় সচিব এশিয়ার সেরা নারী গোলকিপার রুপনা চাকমার বাড়ির পথে নির্মাণাধীন সেতু, ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদাম এলাকার সেচ ড্রেন, ধুতাঙ্গ অরণ্য সাধনা কেন্দ্রে যাওয়ার সেতু এবং কৈলাসপূর্ণ পাড়া এলাকার তুলা চাষ প্রকল্পসহ বিভিন্ন কাজ সরেজমিনে দেখেন।


